নতুন গতি, নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। ফের গাঁটছাড়া বাঁধতে পারে দুই পুরনো সঙ্গী। পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে সেই জল্পনাই সত্যি হল। ছ’বছর পরে ফের পুরনো সঙ্গী বিজেপির সঙ্গে জোট বাঁধল শিরোমণি অকালি দল। পঞ্জাবে সুখবীর সিং বাদলের দলকেই বড় শরিক মেনে নিল বিজেপি।
ছ’বছর আগে বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল পঞ্জাবের শিরোমণি অকালি দল। বিগত নির্বাচনে বিজেপি ও অকালি দল এককভাবে লড়াই করেছিল। সে অর্থে কোনও ফায়দা তুলতে পারেনি কেউই। আগামী বছরে পঞ্জাবে বিধানসভা ভোট রয়েছে। তার আগে দুই দলই জোট বার্তা দিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অকালি দল প্রধান সুখবীর সিংহ বাদল যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ফের একসঙ্গে চলবেন তাঁরা। এমনকি এদিন অমিত শাহ ঘোষণা করে দিলেন, পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোটে বিজেপি-অকালি জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন অকালি দলেরই কোনও নেতা।
গত আগস্টে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় শিরোমণি অকালি দল প্রধান সুখবীর সিং বাদলের। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল দুই পুরনো ‘বন্ধু দল’ আবার কাছাকাছি আসতে পারে। সেই জল্পনার অবসান ঘটল এদিন অমিত শাহ ও অকালি দল প্রধানের সাংবাদিক বৈঠকের পর। মোদি-বাদলের বৈঠকের সাড়ে তিন মাস পরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে ফিরল বাদলদের দল। বিজেপি পরিষ্কার জানিয়ে দিল, পঞ্জাবে অকালি দলকে সামনে রেখেই তারা নির্বাচনে লড়বে। জোটের শর্ত স্পষ্ট করে শাহ জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই একসঙ্গে লড়বে দুই দল। শাহের কথায়, বড় ভাই-ই মুখ্যমন্ত্রী হন।
তবে আসন ভাগাভাগির চূড়ান্ত সমীকরণ এখনও স্থির হয়নি। যৌথ সাংবাদিক বৈঠকে শাহ বলেন, এনডিএ-র সবচেয়ে পুরনো শরিক শিরোমণি অকালি দল ফের জোটে ফিরে এসেছে। আমরা তাদের স্বাগত জানাই। বিজেপি ও অকালি দলের সম্পর্ক অটুট। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানির সময় থেকেই এই দুই দলের বন্ধুত্ব চলে আসছে। এই জোট শুধু পঞ্জাব নয়, গোটা দেশ এবং বিশ্বের কাছে হিন্দু-শিখ সম্প্রীতির প্রতীক হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
জোট ঘোষণায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমাজমাধ্যমে লেখেন, পঞ্জাবের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতেই এই জোট। তাঁর কথায়, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবানি এবং প্রকাশ সিং বাদলের হাত ধরে গড়ে ওঠা বিজেপি-অকালি জোট সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই স্বাভাবিক জোট পঞ্জাবে জনমুখী সরকার গড়তে সাহায্য করবে বলেও আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে এদিন জোটকে কটাক্ষ করতে ছাড়েননি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ক্ষমতার স্বার্থে বিজেপি যে কোনও দলের সঙ্গেই জোট করতে পারে। কেজরিওয়ালের কথায়, কখনও তারা একসঙ্গে আসে, কখনও আলাদা হয়ে যায়, আবার কখনও জোট বাঁধে। আমাদের জোট পঞ্জাবের সাধারণ মানুষের সঙ্গে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন অকালি দল ফের বিজেপির হাত ধরল? মোদি সরকারের আনা যে তিন কৃষি আইনের প্রতিবাদে ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের শাসকজোট ছেড়েছিল শিরোমণি অকালি দল, তার কি কোনও সুরাহা হয়েছে? বিজেপি কি সেই অবস্থান থেকে সরে এসেছে? তাহলে আবার একজোট কেন?
নতুন গতি 

















