মালদা কলেজে ছাত্র পরিষদের ডেপুটেশনকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়াল। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে একাধিক দাবি নিয়ে কলেজে ডেপুটেশন দিতে যায় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। কলেজ গেটের সামনে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
দুই পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে তৈরি হয় টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং ছাত্র পরিষদের অভিযোগ, কলেজে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবিভিপি। তাঁদের দাবি, ছাত্রদের বিভিন্ন সমস্যার কথা জানাতেই শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল।
পাল্টা এবিভিপির অভিযোগ, কংগ্রেস সাংসদ বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে উত্তেজনা সৃষ্টি করছেন। সেই কারণেই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন বলে দাবি বিদ্যার্থী পরিষদের।
দুই পক্ষের অবস্থান ঘিরে কলেজ চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
নতুন গতি 




















