আনজুম মুনির, মালদা: মালদা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রথবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের একটি লেন দখল করে ফলমূলের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী যানবাহনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। প্রতিদিন বাড়ছে যানজট, পাশাপাশি দখল হয়ে থাকা লেন দিয়ে ছোট গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
এই পরিস্থিতিতে রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। রাস্তার ওপর ব্যবসা না করার জন্য অনুরোধ জানানো হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পদক্ষেপের কথা জানানো হয়।
পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে রাস্তা দখল করে ব্যবসা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই পদক্ষেপে যানজট কমবে এবং সাধারণ মানুষ ও যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা বজায় রাখতেও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
নতুন গতি 




















