নতুন গতি, জলপাইগুড়ি: রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের অনুপস্থিতিতে এমন ঘটনাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। যদিও পদক্ষেপ নেওয়া হয়েছে হাসপাতালে সুপারের তরফ থেকে। কারণ দর্শাতে অভিযুক্ত চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন মালবাজারের বিধায়ক।
ঘটনার সূত্রপাত বুধবার রাত থেকে। ধুপগুড়ি ব্লকের বানারহাট থেকে উচ্চ রক্তচাপের পাশাপাশি একাধিক উপসর্গে আক্রান্ত হয়ে মমতা দেবী নামের বছর ৩৫এর এক মহিলাকে নিয়ে আসা হয়েছিল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সিতে। সূত্রের খবর, তখন সুরজ মণ্ডল নামে এক এমডি চিকিৎসকের ডিউটি চলছিল। কিন্তু ঘটনাচক্রে সেই সময়ে তিনি অনুপস্থিত ছিলেন সেখানে। পরিবারের অভিযোগ, চিকিৎসক উপস্থিত না থাকায় প্রায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। সুপার সহ অন্যান্যরা পরিস্থিতি দেখতে এলে কর্তব্যরত নার্সের তরফ থেকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি।
সূত্রের খবর, ঘটনার পর হাসপাতালের সুপার সৌররঞ্জন বসু অভিযুক্ত চিকিৎসককে কারণ দেখানোর জন্য নোটিস দেন। মালবাজারের বিধায়ক, তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শুক্রা মুন্ডার মতে ঘটনাটি বেশ দুর্ভাগ্যজনক। তিনি জানান, “চিকিৎসক কেন উপস্থিত ছিলেন না, তা জেলা পর্যায়ের স্বাস্থ্য আধিকারিকদের খতিয়ে দেখার জন্য আমি বলেছি।” অন্যদিকে অভিযুক্ত চিকিৎসককে ফোন বা মেসেজ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।
নতুন গতি 




















