দেবজিৎ মুখার্জি, আলিপুরদুয়ার: নির্বাচনে বিজেপির জয় উদযাপনে অভিনব পথ বেছে নিল আলিপুরদুয়ার জেলা। রবিবার মাদারিহাট বিধানসভার বীরপাড়ায় আয়োজন করা হলো এক বর্ণাঢ্য ‘ধন্যবাদ যাত্রা’র। তাতে সাংসদ এবং বিধায়ককে বুলডোজারে চেপে অংশ নিতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বীরপাড়ার সিংহানিয়া ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় বীরপাড়া চৌপথিতে। তাতে নেতৃত্ব দেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা এবং মাদারিহাটের বিধায়ক লক্ষণ লিম্বু। দুই জনপ্রতিনিধিকে দেখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বহু মানুষ এই মিছিলে পা মেলান। স্থানীয়দের মতে, জেলায় এর আগে রাজনৈতিক কর্মসূচিতে বুলডোজারের ব্যবহার খুব একটা দেখা যায়নি। সেই কারণে মিছিল ঘিরে কৌতুহল ছিল তুঙ্গে।

মিছিল শেষে সাংসদ মনোজ টিজ্ঞা সাংবাদিকদের বলেন, “জনগণ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন, যার ফলে বিজেপি ২০৭টি আসন পেয়েছে। সাধারণ মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছেন, সেই কৃতজ্ঞতা জানাতেই এই ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়েছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুলডোজার ইস্যু নিয়ে নানা বিতর্ক থাকলেও, আলিপুরদুয়ারে বিজেপি যেভাবে এই প্রতীকী যাত্রাকে সামনে আনল, তা রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। এই ‘শক্তি প্রদর্শন’ বীরপাড়ার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নতুন গতি 





















