আক্তারুল খান, উলুবেড়িয়া: বর্ষার মরসুমে হুগলি নদীতে ইলিশ ধরার আশায় দিন গুনছেন মৎস্যজীবীরা। তার মধ্যেই নদীর পশ্চিম পাড়ে দেখা দিয়েছে উল্টো ছবি। একের পর এক মৃত মাছ ভেসে উঠছে নদীর জলে। কোথাও আবার নদীর পাড়ে জমছে মৃত মাছের স্তূপ। ইলিশের পাশাপাশি ভোলা, ট্যাংরা, চিংড়ি, চেঙো-সহ একাধিক প্রজাতির মাছেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে মৎস্যজীবী ও পরিবেশকর্মীদের মধ্যে।রবিবার থেকে উলুবেড়িয়ার কাঁজিয়াখালি, রাঙামাটি, কালীনগর, জগদীশপুর বাঁশতলা, কলসাপা, চেঙ্গাইল-সহ হুগলি নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকায় মৃত মাছ দেখা যাচ্ছে। মৃত মাছের মধ্যে ছোট আকারের খোকা ইলিশ যেমন রয়েছে, তেমনই প্রায় এক কেজি ওজনের ইলিশও মিলেছে বলে স্থানীয় সূত্রের খবর।
নদীতে মাছের এই অস্বাভাবিক মৃত্যুতে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন নদীনির্ভর মৎস্যজীবীরা। বর্ষার সময়ে ইলিশ ধরেই বহু পরিবার বাড়তি আয় করে। কিন্তু নদীতে মাছের মড়ক দেখা দেওয়ায় তাঁদের সেই রোজগারও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফুলেশ্বর, বাউড়িয়া ও কাঁজিয়াখালি এলাকার মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, নদীর জলে দূষণের মাত্রা বাড়ার কারণেই এমন ঘটনা ঘটছে। তাঁদের দাবি, আগেও বর্ষাকালে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে, তবে এ বার মৃত ইলিশের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি।কাঁজিয়াখালির এক মৎস্যজীবীর কথায়, নদীর জল দূষিত হওয়ার কারণেই মাছ মারা যাচ্ছে বলে আমাদের সন্দেহ। এই পরিস্থিতি চলতে থাকলে মাছ ধরা বন্ধ হয়ে যেতে পারে। তখন আমাদের মতো নদীনির্ভর পরিবারগুলির উপর বড়সড় প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিল্পাঞ্চল থেকে বের হওয়া দূষিত জল বিভিন্ন খাল ও নিকাশির মাধ্যমে নদীতে এসে মিশছে। এর ফলে হুগলি নদীর জলের গুণমান নষ্ট হচ্ছে বলেই তাঁদের দাবি। পরিবেশকর্মীদের বক্তব্য, হুগলি নদী শুধু মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ আধার নয়, এই নদীর উপর নির্ভর করে গাঙ্গেয় শুশুক, বিভিন্ন প্রজাতির কচ্ছপ-সহ বহু জলজ প্রাণী। ফলে একাধিক প্রজাতির মাছের একসঙ্গে মৃত্যু নদীর সামগ্রিক বাস্তুতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। তাঁদের আশঙ্কা, নদীতে শিল্পবর্জ্য বা দূষিত জল মেশার ঘটনা থাকলে দ্রুত তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মৎস্য দফতরের এক আধিকারিকের মতে, নদীর জলে দূষণের মাত্রা বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন কিংবা লবণাক্ততার তারতম্য একাধিক কারণে মাছের মৃত্যু হতে পারে। বিশেষ করে ইলিশের মতো সংবেদনশীল মাছ পরিবেশের পরিবর্তনে দ্রুত প্রভাবিত হয়। প্রকৃত কারণ জানার জন্য মৎস্য দপ্তরের আধিকারিকরা জলের নমুনা সংগ্রহ করেছে।
নতুন গতি 


























