জলপাইগুড়ি: বেআইনি মদ তৈরির বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি আবগারি দফতর ও ভোরের আলো থানার পুলিশ। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
অভিযান চালিয়ে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিকের ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করেন আধিকারিকরা। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মোট বাজারমূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা বলে জানা গিয়েছে।
আবগারি দফতর সূত্রে জানা যায়, এলাকায় বেআইনি মদ তৈরি ও মজুতের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান ঘিরে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। বেআইনি মদ তৈরির বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
নতুন গতি 























