মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: জাতীয় সড়ক দখলমুক্ত করতে মালদার জালালপুরে শুরু হল উচ্ছেদ অভিযান। সোমবার কালিয়াচক-১ ব্লকের জালালপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে থাকা একাধিক অবৈধ দোকান ও নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের আধিকারিক ও পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সড়কের উপর অবৈধ দখল সরানোর জন্য আগেই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। দোকান ও নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য ১৫ দিনের সময়সীমাও দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই দখল না সরানোয় এদিন অভিযান চালিয়ে সেগুলি উচ্ছেদ করা হয়।
কর্তৃপক্ষের দাবি, জালালপুর স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের উপর অবৈধ দখলের কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। পথচারী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই অভিযান চালানো হচ্ছে।
জানা গিয়েছে, ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। নোটিশ দেওয়ার পরও যেসব অবৈধ নির্মাণ সরানো হয়নি, সেগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আগামীকাল উত্তর দিনাজপুরের ইটাহারের দুর্গাপুর এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। পরবর্তী পর্যায়ে মালদার নারায়ণপুর ও সুজাপুর এলাকাতেও উচ্ছেদ অভিযান চালানো হবে।
এদিকে, দোকান ভেঙে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই দোকানগুলির উপর নির্ভর করেই তাঁদের সংসার চলছিল। অন্যদিকে, জাতীয় সড়ক দখলমুক্ত ও নিরাপদ রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়দের একাংশ।
নতুন গতি 




























