পার্থ ঝা,মানিকচক: মালদার মানিকচকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে বন্যাত্রাণ বিতরণ করবেন মানিকচকের ভূতনী সহ জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মানুষদের মধ্যে। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের ডিবিটি লিংকের মাধ্যমে প্রদান করবেন আর্থিক ক্ষতিপূরণ। আগামী ৮ ই অক্টোবর মানিকচকে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমণকে ঘিরে এখন থেকেই জোর তৎপরতা শুরু হয়েছে মানিকচকের মথুরাপুর হাই স্কুল ময়দানে।
শনিবার,মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মন্ডল সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থল মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠ পরিদর্শন করেন। সভার প্রস্তুতি নিয়ে নানান বিষয় তারা খতিয়ে দেখেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য মানিকচক কলেজে তৈরি হয়েছে হেলিপ্যাড। এদিন সেই স্থানও পরিদর্শন করেন বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এবিষয়ে বিধায়ক গৌর চন্দ্র মন্ডল বলেন,আগামী ৮ই অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানিকচকে আসবেন। তিনি মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে জনসভা করে জেলার প্রায় সাত হাজার বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন। সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে বন্যায় আংশিক ও পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫ হাজার মানুষকে ডিবিটি লিংকের মাধ্যমে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবেন। যা আগের সরকার করেনি। রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার এই প্রথম করতে চলেছে। এরফলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন।
নতুন গতি 























