মালদা: শেখ হাসিনার দেশে ফেরার বার্তা ঘিরে কি নতুন করে তৎপরতা শুরু দেশছাড়া আওয়ামি লিগ নেতাদের মধ্যে? দু’মাস ভারতে কাটিয়ে মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান ও তাঁর কর্মীরা। তাঁর দাবি, নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। তাই তাঁর মতো বহু দেশছাড়া নেতা এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
মহদিপুর সীমান্তে এখন দু’দেশের নাগরিকদের যাতায়াত ঘিরে বাড়তি ব্যস্ততা। বাংলাদেশ থেকে ভারতে আসা অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। কেউ তাঁকে আবার ক্ষমতায় দেখতে চান, আবার কেউ চান যে সরকারই আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করুক।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ভানুরানি ঘোষ জানান, ওপারে পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক হলেও নতুন করে অস্থিরতার আশঙ্কা করছেন তাঁরা। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, এমন খবর শুনে পরিবারের সদস্যদের নিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন।
অন্যদিকে, হাবিবুর রহমানের দাবি, গত দু’মাস ভয়ে বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন তিনি। এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অস্থিরতার আঁচ পড়েছে সীমান্ত বাণিজ্যেও। ট্রাকচালক সমীর ঘোষ জানান, বাংলাদেশে পণ্য নিয়ে যেতে এখন ভয় লাগছে। দ্রুত শান্তি ফেরার অপেক্ষায় তাঁরা।
মহদিপুর চেকপোস্ট সূত্রে খবর, আগে দৈনিক ১২০ থেকে ১৫০ জন যাতায়াত করলেও বর্তমানে সংখ্যাটি বেড়ে ২০০ থেকে ২২০ হয়েছে। প্রতিদিন ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক চলাচল করছে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর।
নতুন গতি 



















