নতুন গতি, নয়াদিল্লি: কলকাতা পুরভোট কবে হবে, বুধবারও কাটল না জট। সোমবার এই মামলায় ফের শুনানি। এদিন হল না পুরভোট মামলার নিষ্পত্তি। কলকাতা পুরভোটে স্থগিতাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট রাজ্যকে প্রস্তাব দিল ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা হাই কোর্টে পাঠানোর।
কলকাতা হাই কোর্ট পুর-নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা জারি করায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কোনও ফয়সালা হল না। যেহেতু হাই কোর্টে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা চলছে, তাই সেখানেই শুনানি হওয়া বাঞ্ছনীয় বলে শীর্ষ আদালতের কাছে আবেদন করেন বাম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরাতে হবে বলে রাজ্যকে প্রাথমিক প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। আপত্তি প্রকাশ করেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। এর সাপেক্ষে বক্তব্য রাখার জন্য কিছুটা সময় চেয়ে নেন তিনি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে এই নিয়ে নিজেদের মতামত জানাতে হবে, নির্দেশ দেশের শীর্ষ আদালতের।
রাজ্যে পালাবদলের পর কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় নতুন সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। আর হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার জন্য বিধানসভায় বিল পাশ হয়েছে। বেআইনিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের অভিযোগ করে মামলা দায়ের হয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে। কলকাতা এবং হাওড়া দুই পুরসভার ক্ষেত্রেই এই মামলা হয়। এরপর গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পুরভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করেছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, যেহেতু এই বিষয়ক মূল মামলাটি সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে, তাই সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। এদিনের শুনানিতে শীর্ষ আদালত মামলাটি ফের হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। বিরোধীদের দাবি মেনে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। যেহেতু হাই কোর্টে মামলা চলছে, এই মর্মে রাজ্যের কী অভিমত তা জানতে চায় সুপ্রিম কোর্ট। আগামী ৩০ নভেম্বর সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত আপাতত পুরভোট জট বজায় রইল।
নতুন গতি 












