নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো গোটা কোচবিহার। নিজের বাড়িতে, এমনকি পরিবারের সদস্যদের উপস্থিতিতে, চোখের নিমেষে উধাও শিশু। ঘটনাকে ঘিরে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছের নুরউদ্দিনের মোড় এলাকায়। পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না কীভাবে এমনটা সম্ভব।
পরিবারের বক্তব্য, “বাড়িতে মহিলাদের উপস্থিতিতেই শিশু খেলা করছিল। কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতেই আমরা দেখি শিশু নেই। এরপরই চারদিকে খোঁজাখুঁজি শুরু হলেও কোনও খোঁজ পাওয়া যায়নি।” তবে এলাকাবাসীর মতে, দুটি জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের প্রাথমিক আশঙ্কা, খেলতে খেলতে হয়তো কোনওভাবে নদীর জলে পড়ে গিয়েছে শিশুটি। এলাকার বাসিন্দা এবং পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয় মরাতোর্ষা নদীতে। তবে কোনও সন্ধান পাওয়া যায়নি।
এই জল্পনাও ছড়িয়ে পড়ে যে ঘটনার সময় বোরখা পরা দুই অপরিচিত মহিলা ঘুরে বেড়াচ্ছিলেন এলাকায়, যার পর থেকে সন্দেহ, ওই দুই মহিলাই হয়তো অপহরণ করেছেন শিশুটিকে। খবর ছড়াতেই এলাকায় ব্যাপক হইচই পড়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি শিশুটির। চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা।
নতুন গতি 


















