মোল্লা জসিমউদ্দিন,নতুন গতি : রবিবার আরিয়াদহ এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে Legal Aid and Advice Society, Kolkata-এর উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে অবহিত করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী বিশ্বরূপ চৌধুরী, মাননীয় বিচারপতি শ্রীমতী চৈতালী দাস চট্টোপাধ্যায় এবং উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি শ্রী প্রদীপ্ত রায়।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিজ্ঞ সচিব জনাব মহম্মদ নুরজামান খান। তিনি তাঁর বক্তব্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা ও বিভিন্ন কার্যাবলি সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করেন।বক্তব্যে তিনি বিশেষভাবে লোক আদালত, মধ্যস্থতা, ভিকটিম কমপেনসেশন বা ক্ষতিপূরণ, আইনি সচেতনতা এবং বিভিন্ন আইনি সচেতনতা শিবির আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলি তুলে ধরেন।শিবিরটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও আন্তঃক্রিয়ামূলক। স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন আইনি প্রশ্ন ও সমস্যার বিষয়ে জানতে চান।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞ সচিব জনাব মহম্মদ নুরজামান খান স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানান, যে কোনও ধরনের আইনি সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে তাঁরা যেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং উপলব্ধ আইনি পরিষেবার সুযোগ গ্রহণ করেন।আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায়বিচারে সহজ ও সমান প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই শিবিরটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে পরিগণিত হয়।
নতুন গতি 






















