স্পোর্টস ডেস্ক: এশিয়া সফরের শুরুটা মোটেও সুখকর হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে গেছে সেলেসাওরা। ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ মুহূর্তের গোলে সব হিসাব পাল্টে যায়।
জাপানের কাছে এই হারের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগ দাবি করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। বিশ্বকাপজয়ী প্রাক্তন এই তারকার মতে, ক্লাব ফুটবলে সফল হলেও জাতীয় দলের কোচ হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি আনচেলত্তি।
নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে আনচেলত্তিকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়ে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’
আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে স্বীকার করলেও ব্রাজিলের দায়িত্বে তার পারফরম্যান্সে হতাশ রোমারিও। তিনি বলেছেন, ‘আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি।’
ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদকেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা। তার ভাষায়, ‘আর নয়, মিস্টার প্রেসিডেন্ট এবার, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন! জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি।’
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলের। তবে বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন রোমারিও। তিনি মনে করেন, আরেকটি বিশ্বকাপের স্বপ্ন নষ্ট হওয়ার আগেই পদক্ষেপ নেয়া উচিত।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পরও রোমারিও ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তার হাতে যদি ক্ষমতা থাকত তবে তিনি এখনই আনচেলত্তির চুক্তি বাতিল করতেন বা ছিঁড়ে ফেলতেন। জাপানের মতো দলের কাছে হারের পর এই সমালোচনা আরও তীব্র হয়েছে।
জাপানের কাছে হারের পর ব্রাজিল আবার মাঠে নামবে মঙ্গলবার। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে এ বছরের মতো খেলা শেষ করবে ব্রাজিল।
নতুন গতি 












