দেবজিৎ মুখার্জি: টানা ৪৩ ম্যাচে অপরাজিত ছিল বিশ্বকাপজয়ী স্পেন। এবার তাদের ঘরের মাঠে তাদের জয়ের রথ থামাল ইংল্যান্ড। তাও আবার ১০ জন নিয়ে। সোমবার (ভারতীয় সময় অনুযায়ী) নেশন্স লিগে ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে জয় পেয়েছে ৩-২ গোলে। ইংল্যান্ড ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ইয়ামালরাও দুটি গোল করেন। তবে শেষ পর্যন্ত তৃতীয়, তথা সমতা ফেরানোর, গোলটি করতে সফল হননি তাঁরা, যার জেরে ৩-২ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন হ্যারি কেনরা।
ম্যাচটি খেলা হয় মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে। প্রথমার্ধে একেবারে অন্তিম লগ্নে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ব্যালন ডি’ওর জয়ী হ্যারি কেন। দ্বিতীয়ার্ধের ৫৩ এবং ৫৭ মিনিটে কন্সা এবং হোয়াইটের গোলে ৩-০তে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ইয়ামালকে ফাউল করার জেরে ৬৩ মিনিটে লাল-কার্ড দেখানো হয় ইংল্যান্ডের অ্যান্ডার্সনকে।
এরপরই শুরু হয় স্পেনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে খাতা খোলেন ওয়ার্জাবাল। দ্বিতীয় গোলটি আসতে খুব বেশি সময় লাগেনি। ৭৫ মিনিটে গোলটি করেন উইলিয়ামস। এরপর সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের গতি আরও বাড়ায় স্পেন। কিন্তু শেষ পযর্ন্ত সফল হয়নি এবং ৩-২ গোলে ম্যাচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। এই জয়ের সুবাদে এ৩ গ্রুপে শীর্ষস্থানে পৌঁছাল ইংল্যান্ড। যদিও দুই দলই আগেই কোয়াটারের টিকিট পাকা করে ফেলেছে।
ম্যাচ শেষে ইংল্যান্ডের ডেকলান রাইস বলেছেন, “আমরা জানতাম আজ ওদের হারাব। ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচ অনেক ইতিবাচক কথা বলেছেন। সতীর্থেরাও তেতে ছিল। একসঙ্গে ভাল খেলে জিতেছি। এই মাঠে এসে গোল করব সেটাও জানতাম। রক্ষণ করে খেলা শেষ করতে চাইনি। মাঝের ১০ মিনিটে ওদের অনেক চাপে ফেলেছি।” স্পেনের গোলকিপার উনাই সিমনের বক্তব্য, “ওরা আমাদের চেয়ে ভাল খেলেছে। অনেক আগ্রাসী কৌশল নিয়ে নেমেছিল। তবে এটা নকআউট নয় বলে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের রাউন্ডে ভাল ফল করতে হবে।”
নতুন গতি 












