স্পোর্টস ডেস্ক: বছর সতেরোর সুরজিৎ কর্মকার। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা। সুরজিৎ চরম দারিদ্র্যকে হারিয়ে সম্প্রতি উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় মুইথাই বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে ব্রোঞ্জ পদক জিতেছে।
সুরজিতের সাফল্যের পথটা মোটেই মসৃণ ছিল না। বাবা ছোট্ট একটি দোকান চালান, আর মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে।তারা কোনো রকমে সংসার চালান। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে নিজের খেলার খরচ জোগাতে গিয়ে তাকে নবম শ্রেণিতেই পড়াশোনায় ইতি টানতে হয়েছিল। কিন্তু খেলার প্রতি অদম্য জেদ তাকে দমাতে পারেনি। সংসারের হাল ধরতে এবং নিজের প্রশিক্ষণের খরচ তুলতে কখনও সে কাপড়ের দোকানে কাজ করেছে, আবার কখনও সে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেছে। এমনকী, সদ্যসমাপ্ত জাতীয় প্রতিযোগিতার টাকা জোগাড় করতেও দিনমজুরি খাটতে হয়েছে তাকে। মাত্র সাত বছর বয়স থেকেই মার্শাল আর্টের প্রতি ঝোঁক জন্মায় সুরজিতের। ক্যারাটে দিয়ে শুরু করলেও পরে মুইথাই বক্সিংয়ের প্রেমে পড়ে সে। তার এই হার না মানা লড়াই দেখে হাত বাড়িয়ে দেন স্থানীয় কোচ সুদীপ ভৌমিক। তাঁর তত্ত্বাবধানেই জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় মঞ্চে সুরজিৎ পৌঁছে গেছে।
সম্প্রতি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ‘সপ্তম উমাই ন্যাশনাল ইয়ুথ মুইথাই চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অনূর্ধ্ব-১৮ বিভাগে (৪৮ কেজি) লড়ে তৃতীয় স্থান পেয়েছে বেলদার এই কিশোর।
সুরজিৎ এর এই নজরকাড়া সাফল্যে গর্বে বুক ভরে উঠেছে তার বাবা-মা ও গোটা বেলদাবাসীর। টিনের ঘেরা জীর্ণ ঘরে বসে সুরজিতের এখন দুচোখে স্বপ্ন জাতীয় প্রতিযোগিতায় আরো অংশ নেওয়া। সেখানে সাফল্য কুড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়া।
নতুন গতি 












