শিলিগুড়ি: ১০০ কেজিরও বেশি সোনার সাজে সজ্জিত দুর্গাপ্রতিমা! উত্তরবঙ্গের দুর্গাপুজোয় নজর কাড়ছে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজো। ৬৪তম বর্ষে এই অভিনব আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রতিমা দর্শনে উদ্বোধনের আগেই মণ্ডপের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়।
মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের হাত ধরে পুজোমণ্ডপের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে গানও পরিবেশন করেন সাংসদ জয়ন্ত রায়।
পুজো কমিটির দাবি, উত্তরবঙ্গে এই প্রথম এত বিপুল পরিমাণ সোনার সাজে দুর্গাপ্রতিমাকে সাজানো হয়েছে। এই আকর্ষণীয় আয়োজন দেখতে শুধু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই নয়, প্রতিবেশী রাজ্য থেকেও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।
বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও তৎপর রয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি গোটা মণ্ডপ চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। পুলিশের নির্দেশ মেনে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পৃথক ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।
১০০ কেজিরও বেশি সোনার সাজে দুর্গাপ্রতিমা—এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী জেলাগুলিতে এখন উৎসবের উন্মাদনা তুঙ্গে।
নতুন গতি 





















