মালদা: ‘বন্দেমাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে একযোগে সংগীত পরিবেশনের কর্মসূচি পালিত হল। সারা দেশের পাশাপাশি মালদাতেও বিদ্যা ভারতীর উদ্যোগে শুক্রবার সকাল ১১টা নাগাদ অরবিন্দ পার্ক এলাকার সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্মের উত্তরসূরি সজল চ্যাটার্জী, বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী এবং বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ সংগীত পরিবেশনের পাশাপাশি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই ঐতিহাসিক সংগীতের তাৎপর্য নিয়েও আলোচনা হয়। উদ্যোক্তাদের দাবি, একই সময়ে বিদ্যা ভারতীর উদ্যোগে দেশের প্রায় ২৬ হাজার বিদ্যালয়ে ‘বন্দেমাতরম’ পরিবেশন করা হয়। অংশ নেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-সহ অন্যান্যরা।
মালদার অনুষ্ঠানেও ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয় ‘বন্দেমাতরম’। ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নতুন গতি 























