শিলিগুড়ি: বকেয়া সমস্যা, কর্মক্ষেত্রে অধিকার ও ন্যায্য দাবির প্রশ্নে এবার সরব সাফাই ও অস্থায়ী কর্মীরা। শিলিগুড়ি পৌরনিগমের অধীনে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবি সামনে রেখে ‘কর্পোরেশন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে সিআইটিইউ-র দার্জিলিং জেলা কমিটি। কর্মীদের দাবি দ্রুত মেটানোর জন্য পৌরনিগম কর্তৃপক্ষের উপর চাপ বাড়াতেই এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুপুরে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছয় শিলিগুড়ি পৌরনিগমের প্রধান ফটকের সামনে। কর্মসূচিকে ঘিরে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।
সিআইটিইউ-র অভিযোগ, পৌরনিগমের অধীনে দীর্ঘদিন ধরে কাজ করেও সাফাই কর্মী ও অস্থায়ী কর্মচারীদের একাংশ বিভিন্ন সমস্যা ও বঞ্চনার মুখে পড়ছেন। তাঁদের ন্যায্য দাবি ও কর্মক্ষেত্রে প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিতেই এই আন্দোলন।
সংগঠনের বক্তব্য, শুধু আশ্বাস নয়, কর্মীদের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ করতে হবে। প্রশাসনের কাছে নিজেদের দাবি স্পষ্টভাবে তুলে ধরতেই ‘কর্পোরেশন চলো’ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিআইটিইউ।
নতুন গতি 


























