মালদা: ইংরেজবাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করা হল। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষে পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল গেরুয়া রঙের কেক এবং গেরুয়া রঙের নরম পানীয়।
উল্লেখ্য, প্রায় সাত দিন আগে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে মালদহ শহরে জল্পনা শুরু হয়েছে। দলবদলের আবহে কৃষ্ণেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন—এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে এখনও সবুজ সংকেত না মেলায় আপাতত অপেক্ষাতেই রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা।
এই পরিস্থিতিতে কৃষ্ণেন্দুর উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন এবং বিশেষ করে গেরুয়া কেক ও গেরুয়া নরম পানীয় পরিবেশন ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
গেরুয়া কেক নিয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “গেরুয়া বলে কোনও বিষয় নেই। আমার কাছে সমস্ত রংই সমান।”
নতুন গতি 




















