শিলিগুড়ি: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে শিলিগুড়ি–মিরিক ১২ নম্বর রাজ্য সড়কের দুধিয়ায় বালাসন নদীর উপর নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ। সেনা সূত্রে জানা গিয়েছে, মাসিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
যান চলাচল স্বাভাবিক রাখতে দার্জিলিং জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। মিরিকগামী যানবাহন গাড়িধুরা–খরসাং–সুখিয়াপোখরি হয়ে মিরিক যেতে পারবে। অন্যদিকে, শিলিগুড়িগামী যানবাহন মিরিক–সুখিয়াপোখরি–খরসাং হয়ে শিলিগুড়ি ফিরতে পারবে।
উল্লেখ্য, গত ৯ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেইলি ব্রিজটির উদ্বোধন করেছিলেন। এরই মধ্যে বালাসন নদীর জলস্তর বৃদ্ধির জেরে দুধিয়ার হিউমপাইপ সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই সেতু দিয়ে মালবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বেইলি ব্রিজও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় দুধিয়া হয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও চালকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের কাজ সম্পূর্ণ না হলে আগামী ১৭ সেপ্টেম্বরও একইভাবে সেতু বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করা হতে পারে।
নতুন গতি 





























