সফিকুল আলম, নতুন গতি, চাঁচল: রোগী দেখার সময় চিকিৎসকের সামনে রাখা মোবাইলে তাসের খেলা চলছে—এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘিরে শুরু হয়েছে চর্চা। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক চিকিৎসকের সামনে রাখা মোবাইল ফোনে তাসের খেলা চলছে। রোগী পরিষেবার সময় এমন ঘটনা সত্যি ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এক যুবক। যদিও ভিডিওটি কবে, কোথায় এবং কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। ভিডিওটি সম্পাদিত কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। ফলে শুধু ভিডিওর ভিত্তিতে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সিদ্ধান্তে পৌঁছনো সমীচীন নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। নির্দিষ্ট অভিযোগ বা তথ্য এলে নিয়ম মেনে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস ও বিজেপিও। কংগ্রেসের দাবি, ভিডিওটির সত্যতা প্রমাণিত হলে তদন্ত করা হোক। বিজেপির বক্তব্য, বিষয়টি প্রশাসনের নজরে এনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে যাচাই না হওয়া ভিডিওর ভিত্তিতে সরাসরি কোনও সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেও সওয়াল করেছে তারা।
হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও রতুয়াসহ ছয়টি ব্লকের পাশাপাশি বিহারের বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। তাই ভিডিওটির প্রকৃত সত্যতা প্রকাশের দাবি উঠেছে।
নতুন গতি 




















