মালদা: প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগের বার্তা ছড়িয়ে দিতে মালদায় বিএসএফের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার শনিবার আনুষ্ঠানিক সমাপ্তি হল। গত মঙ্গলবার মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার সূচনা হয়।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার থেকে মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান অংশ নেন। পাঁচ দিন ধরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রজনবীর সিং কাপুর, সাউথ বেঙ্গল বিএসএফের আইপিএস আইজি শ্রী ডালজিত সিং, মালদা বিএসএফ সেক্টরের ডিআইজি শ্রী সুরেন্দ্র কুমার ঝা-সহ বাহিনীর একাধিক আধিকারিক। প্রতিযোগিতা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে জানা যায়, বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। পাঁচ দিনের প্রতিযোগিতাকে ঘিরে জওয়ান ও আধিকারিকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
নতুন গতি 




















