নতুন গতি প্রতিবেদন, দার্জিলিং: চার বছর পর ফের বাংলায় পা রাখতে চলেছেন ব্রাজিলের অন্যতম কিংবদন্তি ফুটবলার মার্কোস এভানগেলিস্তা দে মরিয়াস, ওরফে কাফু। রবিবার দার্জিলিঙে পা রাখার কথা তাঁর। ১৪১ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চা-বাগান আর্য টি-এস্টেট কর্তৃপক্ষ তৈরি করতে চলেছেন ‘সিদরা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসর্ট’। তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে তিনি দার্জিলিংয়ে আসছেন।
বাগান মালিক বিরাজ বনসলের বক্তব্য, “আগামীদিনে পর্যটন বিকাশের বিপুল সম্ভাবনাকে মাথায় রেখেই ভারতের প্রথম হিল স্পোর্টস ওয়েলনেস রিসর্ট তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে এই প্রকল্পের জন্য ১২০ কোটি টাকা খরচ হবে।” তাঁর সংযোজন, “শুধু ক্রীড়া পরিকাঠামো নয়, দুটি ফুটবল ক্লাবও আত্মপ্রকাশ করতে চলেছে আগামী রবিবার। ‘দার্জিলিং ওয়ারিয়ার্স এফসি’ এবং ‘নর্থবেঙ্গল ফাইটার্স এফসি’। ওই দিন লেবংয়ের গোর্খা স্টেডিয়ামে দুই দলের মধ্যে একটি ম্যাচও হবে। সেখানে উপস্থিত থাকবেন কাফু। সময় পাওয়া গেলে তাঁকে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়ানোরও পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, শিল্পমন্ত্রী তাপস রায়ের। শহরে কাফুর আসা প্রসঙ্গে বিরাজের আরও বক্তব্য, “এই ধরনের ইভেন্টের জন্য আজ অবধি কোনও গ্লোবাল ফুটবল সেলিব্রিটি দার্জিলিংয়ে আসেননি। কাফুর আগমন তাই শুধু আমাদের চা-বাগান কিংবা স্পোর্টস রিসর্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গোটা দার্জিলিং সেলিব্রেট করবে ওই ফুটবলিং লেজেন্ডকে।”
নতুন গতি 




















