নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: যাত্রীবাহী বাসে চালকের সিটের নিচ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার থেকে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে অসম-বাংলা সীমানা লাগোয়া জাতীয় সড়কের ভাঙ্গাপাকড়ি নাকা চেকপোস্টে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাস চালক ও খালাসি, দুজনকেই।
জানা গিয়েছে, অসমের নম্বর প্লেট লাগানো সেই বাসটি যাচ্ছিল আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে ভুটানের গেলেফুরে। সূত্র মারফত জানা যায়, তল্লাশি চলাকালীন চালকের সিটের নিচে টাকার বান্ডিলগুলির খোঁজ মেলে, যা গুনে দেখা যায়, সেখানে রয়েছে মোট সাড়ে ২২ লক্ষ টাকা। জানা গিয়েছে, বাসটি আটকের পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয় এবং এরপর অন্য একটি বাসে করে তাঁদের পাঠানোর বন্দোবস্ত করা হয়।
ঘটনার পর চালক ও খালাসিকে আটক করার পাশাপাশি বাসটিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তদন্ত করে দেখা হচ্ছে টাকাগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় ও কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
নতুন গতি 






















