নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: বড় সাফল্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর)। গত জুলাই মাসে গোটা জোনজুড়ে ৭৬ হাজার ৯৮৯ যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করার সময় ধরা হয়েছে টিকিট পরীক্ষা অভিযানে এবং তাঁদের কাছ থেকে রেলের তরফ থেকে ভাড়া সহ জরিমানা বাবদ মোট ১০ কোটি ৯৫ লক্ষ টাকা আদায় করা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, জুলাই মাসে চালানো হয় ৩১৩টি বিশেষ টিকিট চেকিং অভিযান। এছাড়া টিকিট পরীক্ষক এবং রেলের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন ২ হাজার ৩৪৪টি ট্রেনে এবং মোট ৫৫ হাজার ৯৮৮ জন যাত্রীকে ধরা হয় টিকিট ছাড়া ভ্রমণের জন্য এবং তাঁদের থেকে ভাড়া ও জরিমানা বাবদ আদায়ের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ টাকা। অন্যদিকে, ২১,০০১ জন অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করে থাকা যাত্রীদের থেকে আদায় হিসেবে মিলেছে ১.৯৮ কোটি টাকা।
এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেছেন, “প্রকৃত যাত্রীদের স্বচ্ছ ও সুষ্ঠু পরিষেবা দিতে এবং রেলের রাজস্ব ক্ষতি রুখতে নিয়মিতভাবে আকস্মিক ও বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হচ্ছে। এনএফআর-এর বাণিজ্যিক বিভাগ, টিকিট পরীক্ষক এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।” পাশাপাশি, যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণের আবেদন জানিয়েছে রেল। এছাড়া পরামর্শ দেওয়া হয়েছে দরকারি নথিপত্র সঙ্গে রাখার এবং নিয়মানুসারে বাড়তি পণ্য পরিবহণের জন্য আগাম বুকিংয়ের।
নতুন গতি 






















