মালদহ: বাইরে ঝাঁ চকচকে সাজসজ্জা, অথচ ভিতরের রান্নাঘরের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ফ্রিজে দিনের পর দিন সংরক্ষিত মাছ, খাসির মাংস, পনির ও মসলা। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, এমনকী নিকাশিনালার উপর দিয়ে খাবার নিয়ে যাতায়াত। মালদহ শহরের মনস্কামনা রোডের একটি নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এমনই চিত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ অভিযানের অংশ হিসেবে মালদহ শহরের একাধিক হোটেল ও রেস্তোরাঁয় হানা দেন আধিকারিকরা। মনস্কামনা রোডের ওই রেস্তোরাঁয় রান্নাঘর পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে। আধিকারিকদের দাবি, ফ্রিজে প্রায় ২০–২৫ দিন ধরে মাছ, খাসির মাংস, পনির ও মসলা রাখা ছিল। রান্নাঘরের ভিতরেই শৌচালয় থাকায় স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনায় বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দফতর।
অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খাবারের নমুনা পরীক্ষা করা হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
রেস্তোরাঁর রাঁধুনি রিঙ্কু হরিজন জানান, মাছ, খাসির মাংস, পনির ও মসলা ১০–১৫ দিন ধরে ফ্রিজে রাখা ছিল। তিনি কয়েকদিন আগেই কাজে যোগ দিয়েছেন বলেও দাবি করেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই রেস্তোরাঁয় আসা ক্রেতাদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির দাবি তুলেছেন সাধারণ মানুষ।
নতুন গতি 




















