জলপাইগুড়ি: ঐতিহ্যের ৫১৭তম বছরে পদার্পণ করল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন নিয়ম-নিষ্ঠা মেনে শুরু হয়েছে পুজো। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ।
বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন এই মনসা পুজো দেখতে জলপাইগুড়ি তো বটেই, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বহু মানুষের সমাগম হয়। বর্তমানে রাজবাড়ির মন্দিরে মনসা দেবীর প্রতিমা বিরাজমান। পুজোকে কেন্দ্র করে আগামী সাত দিন ধরে চলবে মেলা। পাশাপাশি প্রতিদিন রাতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বিষহরিগান, যা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।
এদিন পুজোয় উপস্থিত ছিলেন রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু এবং প্রবীণ সদস্য প্রণতো কুমার বসু-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিষহরিগান দেখতে প্রতি রাতেই রাজবাড়ি চত্বরে অসংখ্য মানুষের ভিড় জমে বলে উদ্যোক্তাদের দাবি। প্রাচীন ঐতিহ্য ও লোকসংস্কৃতির এই মেলবন্ধনকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
নতুন গতি 

















