জলপাইগুড়ি: জেলায় ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি ও রূপরেখা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরোধ কুমার দ্বিবেদী। বৃহস্পতিবার তিনি জলপাইগুড়িতে পৌঁছন। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি জেলা শাসকের কার্যালয়ে যান তিনি।
সেখানে জেলা শাসক অদিতি চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য পদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। আগামী এক মাস ধরে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচি কীভাবে আরও সুষ্ঠুভাবে বাস্তবায়িত করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি জেলার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও প্রস্তুতিও খতিয়ে দেখা হয়।
জেলা শাসক অদিতি চৌধুরী জানান, ‘‘সেবা সংকল্প অভিযান শুরু হয়েছে এবং এক মাস ধরে চলবে। এই সময়ের মধ্যে রক্তদান শিবির থেকে শুরু করে স্কুল স্তরে বিভিন্ন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিগুলি নিয়েই আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশ পাওয়া গিয়েছে।’’
নতুন গতি 




















