মহঃ মফিজুর রহমান , নতুন গতি, উত্তর ২৪ পরগণা: শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী । শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে জেলায় জেলায় চলছে ক্ষোভ , বিক্ষোভ , আগুন , ভাঙচুর । কোন কোন জায়গায় শাসকদলের ডাকাবুকো নেতা টিকিট পাননি বলে ভেঙে পড়েছেন কান্নায় । আবার কোন জায়গায় বর্তমান বিধায়ক বাদ পড়ায় তার অনুগামীদের ক্ষোভ , বিক্ষোভ , পথ অবরোধ , ভাঙচুর । রাজ্যজুড়ে চলছে প্রতিবারের এই চেনা ছবি । কিন্তু এর সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগণার অন্তর্গত অশোকনগর বিধানসভা এলাকায় ।
এই কেন্দ্রে পুনরায় টিকিট পেয়েছেন তৃণমূলের বর্তমান বিধায়ক ধীমান রায় । বর্তমান বিধায়ককে পুনরায় টিকিট দেওয়ার প্রতিবাদে অশোকনগরের হিজলিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা । বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের দাবি , ‘ বর্তমান বিধায়ক ধীমান রায়কে তারা পুনরায় প্রার্থী হিসেবে চান না । অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ চান তারা ‘। শীঘ্রই প্রার্থী বদলের দাবিতে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ । তাদের বিক্ষোভে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় ৭৩ নম্বর বাস রোড । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করেন অশোকনগর থানার পুলিশ ।
নতুন গতি 
























