মালদা, ১৬ সেপ্টেম্বর: মালদা জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে ভূতনির বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াল মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দিন-রাত এক করে সংগঠনের নেতাকর্মীরা মালদা শহরের উত্তর সিঙ্গাতলায় সংগঠনের ভবনে ত্রাণসামগ্রীর প্যাকেট তৈরির কাজে ব্যস্ত থাকেন।
চিড়ে, গুড়, বিস্কুট, সয়াবিন, তেল, চানাচুর, সাবান-সহ প্রায় ১৫ ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্যাকেটে ভরা হয়। পরে ওই ত্রাণসামগ্রী ভূতনির বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এদিন সংগঠনের ভবনের সভাকক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ, সহকারী সম্পাদক পুষ্পজিৎ বর্মন, পরিচালন কমিটির সক্রিয় সদস্য সঞ্জীব ঘোষ এবং সদস্য তাপস কুন্ডু-সহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভূতনির বিস্তীর্ণ এলাকায় বন্যার জেরে বহু মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের এই উদ্যোগে বন্যাকবলিত মানুষের কাছে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছবে বলে জানানো হয়েছে।
নতুন গতি 



















