উত্তর ২৪ পরগনা: সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার পরিকল্পনাকে ঘিরে উচ্ছেদের আশঙ্কায় ইছামতি নদীর পাড়ের বাসিন্দা, ব্যবসায়ী ও মৎস্যজীবীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। হিঙ্গলগঞ্জ থেকে সামশেরনগর পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় নদীর পাড় থেকে প্রায় ১৫০ ফুট জমি অধিগ্রহণের পরিকল্পনা হলে বহু পরিবার বসতভিটা ও রুজি-রোজগার হারাতে পারেন বলে আশঙ্কা তাঁদের।
মঙ্গলবার এই দাবিতে ইছামতি নদীর পাড় থেকে শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল করেন। ব্যবসায়ী সুশান্ত ঘোষের নেতৃত্বে মিছিলটি হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে পৌঁছয়। পরে বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়ের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের বক্তব্য, দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছেন না তাঁরা। তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বসতভিটা, ব্যবসা-বাণিজ্য এবং মৎস্যজীবীদের জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার দাবি জানিয়েছেন।
তাঁদের দাবি, অবিভক্ত বাংলার সময়, ১৭৮৩ সাল থেকেই এই এলাকায় ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্য রয়েছে। তাই দীর্ঘদিনের জনবসতি ও ব্যবসায়িক পরিকাঠামো অক্ষুণ্ণ রেখেই সীমান্ত সুরক্ষার পরিকল্পনা বাস্তবায়নের আবেদন জানিয়েছেন তাঁরা।
নতুন গতি 
























