নতুন গতি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে হুমকি সংস্কৃতির বিষয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর সাফ কথা, থ্রেট কালচারের সঙ্গে যুক্তরা তাঁর সঙ্গে দেখা করলে তাঁরা সবটা বুঝে নেবেন। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে হাসপাতালে এমন ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না।
গত কয়েকদিন ধরে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। শিশু মৃত্যু থেকে শুরু করে থ্রেট কালচার, একাধিক অভিযোগ সামনে আসে হাসপাতালকে ঘিরে, যার পর সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করে রোগী নিরাপত্তা নিয়ে।
এই আবহে সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেখানে তিনি বলেছেন, “ভয় আউট, ভরসা ইন। যাঁরা থ্রেট কালচার করার দুঃসাহস করবে, তাদের আমার সঙ্গে দেখা করতে বলবেন। বাকিটা আমরা দেখে নেব। হাসপাতালে কোনওভাবেই ভয় দেখানো বা হুমকির সংস্কৃতি বরদাস্ত করা হবে না।”
এছাড়া হাসপাতালে গিয়ে ক্রীড়ামন্ত্রী হাসপাতালের সুপার ও প্রিন্সিপালের সঙ্গে দেখা করার পাশাপাশি হাসপাতালের নানা এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন চলাকালীন হাসপাতালের এক পরিতক্ত মাঠ দেখে ইন্দ্রনীল খাঁ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, মাঠটি খেলার উপযোগী করার লক্ষ্যে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। শুধু তাই নয়, মাঠের কাছেই এক ভলিবল কোর্ট তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তাঁর কথায়, “বর্তমান সরকার মাঠটি সংস্কার করে ছোট ছোট ইনডোর গেমের পরিকাঠামো তৈরির পরিকল্পনা করছে।”
নতুন গতি 

















