আনজুম মুনির, কলকাতা: রাজ্য সরকারের ঘোষণার পর থেকেই কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্তরের মহিলা যাত্রীরা।
সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন বাসস্ট্যান্ডে এই ঘোষণা নিয়ে আলোচনা দেখা যায়। কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ থেকে শুরু করে প্রবীণ মহিলারাও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রতিদিনের যাতায়াত খরচ বাঁচবে, ফলে মাসিক ব্যয়ের উপর চাপ অনেকটাই কমবে। অনেক মহিলা জানান, কর্মস্থল, স্কুল-কলেজ কিংবা অন্যান্য প্রয়োজনে প্রতিদিন বাসে যাতায়াত করতে হয়। বিনামূল্যে বাস পরিষেবা চালু হলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি আরও বেশি সংখ্যক মহিলা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই প্রকল্প অত্যন্ত উপকারী হবে বলে মত তাঁদের।

কলকাতার বিভিন্ন এলাকায় মহিলাদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অধিকাংশই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, মূল্যবৃদ্ধির বাজারে এই ধরনের জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেয়। এদিকে পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই এই পরিষেবা চালু করা হবে। ১ জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাত্রার সুবিধা পাবেন।
নতুন গতি 





















