ইলিয়াস মল্লিক, হাওড়া: বসতি এলাকায় মাছ ধরার জালে জড়িয়ে পড়ল একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের গুমাডাঙ্গি গ্রামের ইলেকট্রিক পাওয়ার হাউসের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পাওয়ার হাউসের পাশে জালে সাপটিকে আটকে থাকতে দেখেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা সুব্রত পাত্র তড়িঘড়ি খবর দেন ‘জগৎবল্লভপুর পরিবেশ সংঘ’-এর সদস্য সৌম্যজিৎ শেঠেকে। খবর পেয়ে সংগঠনের দুই সদস্য অনন্ত পণ্ডিত ও সুমন দলুই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং খবর দেওয়া হয় বনদপ্তরে।
পরবর্তীতে বনদপ্তরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিবেশ সংঘের সদস্যদের সহযোগিতায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। বন্যপ্রাণীটিকে আঘাত না করে সচেতনতার সাথে উদ্ধার করায় পরিবেশপ্রেমী ও বনদপ্তরের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
নতুন গতি 






















