নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সুস্থ পথে পরিচালিত করার লক্ষ্যে শান্তিপুরে ইনডোর স্টেডিয়াম গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। এদিন সকাল থেকে শান্তিপুরের বেশ কিছু মাঠ ঘুরে দেখেন তিনি। তাঁর সাথে ছিলেন শান্তিপুরের বিডিও এবং সরকারি ইঞ্জিনিয়ার সহ একটি প্রতিনিধি দল।
বিধায়ক স্বপন কুমার দাস জানান, শান্তিপুরে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে ফুটবল বা ক্রিকেটের মতো বড় মাঠের ব্যবস্থা না থাকলেও ভলি, টেনিস এবং অন্যান্য ইনডোর খেলার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ এবং যুবসমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।
এখন পর্যন্ত কাজিবাড়ি মাঠ, সবুজ সংঘের মাঠ, আরবলদা মিলন সমিতির মাঠ এবং বেজপাড়ার মাঠ পরিদর্শন করেছেন বিধায়ক। এছাড়া নৃসিংহপুর এবং মালিকনগর চড় অঞ্চলের মাঠগুলো নিয়েও তিনি খতিয়ে দেখছেন। তিনি জানান, বর্তমানে মাঠ নির্বাচনের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হওয়ার পর কোন জায়গাটি সবচেয়ে উপযুক্ত এবং কোনো স্টেডিয়ামটি ইনডোর খেলার জন্য আদর্শ, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আনুমানিক বাজেট প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে হবে ইনডোর স্টেডিয়াম । বিধায়ক জানিয়েছেন যে, এই প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। বিধায়ক বলেন, “যুবসমাজ এখন মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে, যা উদ্বেগের বিষয়। তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনাই আমাদের মূল উদ্দেশ্য। ছোটবেলায় আমরা যেমন মাঠমুখী সমাজ দেখেছি, সেই পরিবেশ আবারও ফিরিয়ে আনতে চাই।”
শান্তিপুরের এই নতুন ইনডোর স্টেডিয়াম প্রকল্প কি স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার উদ্দীপনা ফেরাতে সাহায্য করবে বলে আপনি মনে করেন?
নতুন গতি 




















