ভরতপুর, মুর্শিদাবাদ: ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভরতপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনামিকা ঘোষ এবং কংগ্রেসের নির্বাচনী এজেন্ট উদ্দীপন দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পূর্ণিমা দাস নামে এক গৃহবধূ। তাঁর অভিযোগ, স্বামীকে প্রলোভন দেখিয়ে তাঁর সংসার ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
পূর্ণিমার দাবি, উদ্দীপন দাসের সঙ্গে তাঁর আইনিভাবে রেজিস্ট্রি ও সামাজিকভাবে বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের পর উদ্দীপনের সঙ্গে বিজেপি নেত্রী অনামিকা ঘোষের ঘনিষ্ঠতা বাড়ে। এরপরই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতির জেরে তিনি বাবার বাড়িতে চলে যান।
পূর্ণিমার দাবি, গত ২৭ জুলাই উদ্দীপন অনামিকাকে বিয়ে করেছেন। একইসঙ্গে তাঁকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। ইতিমধ্যে থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তাঁর দাবি।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় অনামিকা ঘোষ অভিযোগগুলি অস্বীকার করে দাবি করেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আইনিভাবেই অভিযোগের জবাব দেওয়ার কথা জানান।
ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়ালেও অভিযোগগুলির সত্যতা এবং বিবাহের আইনগত বৈধতা তদন্ত ও আদালতের প্রক্রিয়াতেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
নতুন গতি 


















