আনজুম মুনির, কলকাতা: শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনলেন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ। এক সাক্ষাৎকারে তোচন ঘোষ জানান, রবীন্দ্রসদনের যাবতীয় অনুষ্ঠান সম্পর্কীত কাজকর্ম চলত ইন্দ্রনীল সেনের আঙুলের ইশারাতেই। শুধু তাই নয়, তোচন ঘোষের অভিযোগ, অন্যান্য শিল্পীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইতেও বাধ্য করা হত। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেছেন তোচন ঘোষ।
তোচন ঘোষ জানান, “রবীন্দ্রসদনে একটা অনুষ্ঠান করার জন্য আমি আমার কোম্পানি ভয়েজ অফ ভিশনের হয়ে একটা চিঠি দিয়েছিলাম। রবীন্দ্রসদন তখন কন্ট্রোল করত ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল তো তৎকালীন সরকারের ডানহাত ছিল। প্রতিদিন বেলা তিনটে, চারটের পর নিজের লোকজনের সঙ্গে রবীন্দ্রসদনের বাইরে চেয়ার নিয়ে বসে থাকত। কে হল পাবে, কে হল পাবে না, পুরো বিষয়টাই নিয়ন্ত্রণ করত ইন্দ্রনীল।”
রবীন্দ্রসদনের একটি সরকারি অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে তোচন বলেন, ”রবীন্দ্রসদনের ভিতরের সেই অনুষ্ঠানে, ওর কাছের মানুষ ছাড়া কেউই গান গাওয়ার সুযোগ পেত না। অনেক ভালো শিল্পী সুযোগ পায়নি। এত বছর ধরে এই অন্যয়টাই চলছিল।”এরপরই ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ফেলেন তোচন ঘোষ। তিনি বলেন, ”তিনদিন আগে আমি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম, বলেছিলাম, তুমি এত ভালো গান গাও, এত বড় শিল্পী। তুমি কীভাবে, ইন্দ্রনীলের সুরে ও মমতার লেখা গানে কণ্ঠ দিয়েছো! উনি আমায় বলেছিলেন, অনেক প্রেসারে এই গান গেয়েছিলাম। জোর করে গান গাইয়েছে ইন্দ্রনীল সেন। তবে শুধু শ্রীরাধা নয়, আরও অনেক শিল্পীর অনেক অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে, ইন্দ্রনীলের অত্যাচারের বিরুদ্ধে। এবার একে একে সব সামনে আসবে। অনেকের মধ্যেই ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে।”
নতুন গতি 
























