নতুন গতি, কোচবিহার: এবার তোলাবাজির অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার সীমান্ত এলাকা বামনহাটে। শুধু তাই নয়, উঠেছে চাঁদার জুলুমবাজি ও থ্রেট কালচারের অভিযোগও। বৃহস্পতিবার সকাল থেকে এর বিরোধিতা জানিয়ে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। তাঁদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তুলে দেয় অবরোধ। তবে বিক্ষোভকারী ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে অনড়।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সন্টু কর্মকারের বক্তব্য, “কমিটির তহবিলে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে ঘটনার সূত্রপাত। সম্প্রতি বাজারের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গড়া হয়েছে। আর এই কমিটির কাছেই বিজেপির মণ্ডল নেতা প্রভাত বর্মন টাকা দাবি করেছেন। অথচ সেই টাকা একটি দুর্গা মন্দির তৈরির জন্য রাখা হয়েছে। কয়েকদিন আগে এখানে শিবপুজো এবং বাউল সঙ্গীতানুষ্ঠান হয়। তার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হয়েছিল। ছোট ব্যবসায়ীদের কাছে এই বিপুল পরিমাণ টাকা চাওযায় তাঁরা সকলেই সমস্যায় পড়েছেন। এমনকী ফোন করে এবং ডেকে হুমকি দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বুধবার রাতে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং করে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেছেন, “ব্যবসায়ী এবং প্রভাত বর্মনের সঙ্গে ফোনে কথা বলেছি। কলকাতায় রয়েছি। দিনহাটায় ফিরে সবার সঙ্গে আলোচনা করব। কী ঘটেছে, সেটা খতিয়ে দেখা হবে। প্রভাত এই ধরনের ঘটনায় যুক্ত নন বলে জানিয়েছেন। তবে যদি কেউ দোষ করে থাকেন, তা হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে।”
নতুন গতি 




















