দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় দীপাবলি। তার আগে রাজ্যবাসীকে বড় উপহার দিল পদ্ম শিবির। এবার হাতের মুঠোয় জয়পুর। চালু হল সাঁতরাগাছি থেকে জয়পুর রুটে ট্রেন পরিষেবা। ভারচুয়ালি এর উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভারচুয়ালি ফ্ল্যাগঅফ করে রেলমন্ত্রীর বক্তব্য, “আগে জয়পুরের ট্রেন ধরতে খড়গপুর যেতে হত কলকাতার মানুষকে। এখন সাঁতরাগাছি-টাটানগর থেকেও সরাসরি রাজস্থান পর্যন্ত ট্রেন চালু হল।”
ট্রেনের সূচনা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রেলমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহরের কাজ শেষ হওয়া মেট্রোরেকের দ্রুত উদ্বোধনের আবেদন জানানোর পাশাপাশি গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ চালুর আবেদনও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “১৭-২৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, তারপর প্রবাসী ভারতীয়দের সম্মেলন, ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের আগে মেট্রোর উদঘাটনের অনুরোধ জানাচ্ছি।” শুধু তাই নয়, প্রাক্তন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে ‘তুষ্টিকরণ, ভ্রষ্টাচার, পরিবারবাদ’ বলেও কটাক্ষ করেন তিনি।
প্রসঙ্গত, ট্রেনটি প্রতি বুধবার সাঁতরাগাছি স্টেশন থেকে দুপুর ২টো ১৫ মিনিটে ছাড়বে এবং জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ পৌঁছবে। আবাক জয়পুর থেকে শুক্রবার ৯টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি শনিবার সন্ধে ৭টা ৪৫ মিনিটে পৌঁছবে সাঁতরাগাছি। ১৬ কামরার এলএইচবি কোচ ব্যবহার করা হবে। ট্রেনে থাকবে রিজার্ভড শ্রেণিতে ৮টি স্লিপার, ১টি থ্রি এসি ও ৩টি থ্রি এসি ইকোনমি কামরা। ট্রেনটি থামবে খড়গপুর, টাটানগর, হয়ে চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা স্টেশনে।
নতুন গতি 











