নিউজ ডেস্ক: এবার রাজধানীতে ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক দেওয়া হয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামে এক অনামী সংগঠনের তরফ থেকে। শুক্রবারই এই মিছিল হওয়ার কথা। তবে সূত্র মারফত খবর, এই কর্মসূচির জন্য এখনও পুলিশের অনুমতি নেয়নি তারা। সুতরাং তীব্র উত্তেজনা যে ছড়ানোর আশঙ্কা রয়েছে, তা বলাই বাহুল্য। কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, বামনেত্রী নেহা বোরা সহ নানা জনপ্রিয় মুখকে।
এর আগে গত ১৮ অক্টোবর এক বিবৃতিতে তারা জানিয়েছিল, এই কর্মসূচির নাম ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পদযাত্রা’। তাদের স্পষ্ট কথা, এর জন্য পুলিশি অনুমতির আবেদন করা হবে না। পাশাপশি বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ না করা নিয়ে তারা সতর্কও করেছে। তাদের স্লোগান – ‘হর গলি যন্তর মন্তর, হর গাঁও যন্তর মন্তর, মেরা ঘর যন্তর মন্তর’। ‘ইন্ডি’ জোটকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি আমন্ত্রিতদের।
তারা জানিয়েছে, মিছিলটি কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে শুরু হয়ে প্যাটেল চকের কাছে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। শুধু তাই নয়, তাদের তরফ থেকে এও জানানো হয়েছে যে পুলিশ তাদের পথ আটকালে, সেখানেই ‘জন-সংসদ’এর আয়োজন করা হবে এবং জাতীয় সংগীত গাওয়া হবে।
নতুন গতি 











