স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। তাই বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে বিসিসিআই। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ৪ থেকে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফেই নাকি এমন সিরিজ খেলার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশগুলির পরিবেশে ক্রিকেটারদের অভ্যস্ত করে তোলাই এর মূল উদ্দেশ্য।
সূত্রের খবর, ২০২৭ সালের আইপিএল শেষ হওয়ার পর গ্রীষ্মকালে এই সিরিজ আয়োজন করা হতে পারে। এরপর অক্টোবর-নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ। ফলে বিশ্ব কাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে।
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলা ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে দলের বেঞ্চ স্ট্রেংথ, নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স এবং বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
তবে এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুটি দেশের মধ্যে এনিয়ে কথা বার্তা চূড়ান্ত হওয়ার পরই এই সিরিজের সরকারি ঘোষণা হতে পারে।
নতুন গতি 























