নদিয়া: দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার নদিয়ার চাপড়া বিধানসভা এলাকায় তাঁর কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কালো পতাকা দেখিয়ে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা।
জানা যায়, চাপড়া বিধানসভা এলাকার এলেম নগরের একটি বেসরকারি লজে তৃণমূলের দলীয় কর্মসূচি ছিল মহুয়া মৈত্রের। সেখানে যাওয়ার পথে বিজেপি কর্মীরা বাস দিয়ে রাস্তা আটকে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূলের ছয় সদস্যকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছেন মহুয়া মৈত্র। এরপর থেকেই বিষয়টি নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা-সহ গোটা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।
বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, মহুয়া মৈত্র চাপড়া বিধানসভা ছেড়ে না যাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাঁদের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মহুয়া মৈত্র ক্ষমতার অপব্যবহার করেছেন। সম্প্রতি নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রের উপর ডিম ছোড়ার অভিযোগের পর ফের চাপড়ায় বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হল।
নতুন গতি 
























