শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করল প্রধাননগর থানার পুলিশ। বুধবার গভীর রাতে শিলিগুড়ির হিমাচল কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কোয়ার্টারে ১১-১২ জনের একটি দল জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের নাম বিট্টু খান, বিকি পোদ্দার, রাজু সাহানি এবং মহম্মদ আলমগীর। তারা সকলেই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথায় এবং কী উদ্দেশ্যে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।
০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















