নিউজ ডেস্ক: আগ্রাসী ফুটবল খেলেও পরাজয়ের মুখ দেখতে হলো টার্কিকে। রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের পরাজিত করল অস্ট্রেলিয়া। ম্যাচের ফলাফল ০-২। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল এসেছে বেশি টার্কির তরফ থেকে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সফল হয়েছে অজিরা। তবে অস্ট্রেলিয়াকেও এদিন বেশ হাবুডুবু খেতে দেখা যাচ্ছিল টার্কির অ্যাটাকিং ফুটবলের সামনে।
রবিবার ম্যাচটি খেলা হয় ভ্যানকুভারে। প্রথম মিনিট থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলার লক্ষ্যে আক্রমণের পর আক্রমণ করে যায় টার্কি, যা কোনোভাবে বাঁচিয়ে যাচ্ছিল অজিদের রক্ষণভাগ। তবে ২৭ মিনিটে সুযোগ কাজে লাগায় অস্ট্রেলিয়া। দলকে ম্যাচে এগিয়ে দেন ইরানকুন্ডা। সমতা ফেরানোর জন্য আক্রমণের গতি বাড়ায় টার্কি। সুযোগও পায় তারা ঘুরে দাঁড়ানোর। তবে তা হাতছাড়া হয়। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক ফুটবল জারি রাখে টার্কি। লাগাতার চেষ্টা করা হয় তাদের তরফ থেকে গোল করার। তবে তা বারংবার ব্যর্থ করে দেয় অজিদের রক্ষণভাগ। ফের ৭৫ মিনিটে সুযোগ কাজে লাগায় অস্ট্রেলিয়া। গোল করে দলকে আরো এগিয়ে দেন মেটকাফে। তারপরও চেষ্টা অব্যাহত থাকে টার্কির। কিন্তু গোলের মুখ দেখতে পায়নি তারা। অবশেষে ২-০ ফলাফল নিয়ে স্টেডিয়াম ছাড়েন দুই দলের ফুটবলাররা।
নতুন গতি 


















