দেবজিৎ মুখার্জি: ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন ধীরেন্দ্র শাস্ত্রী, তথা বাগেশ্বর বাবা। তাঁর বক্তব্য, “কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়। তড়িঘড়ি তিনি ক্ষমা চাইলেও থামানো যায়নি সমালোচনা।
মধ্যপ্রদেশের শিবপুরীতে ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে বাগেশ্বর বাবা বলে বসেন, “তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। নিজের দৃঢ়তা বজায় রাখেন সবক্ষেত্রে। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। আর বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।” তাঁর এই বিস্ফোরক মন্তব্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যার পর শুরু হয় নিন্দার বন্যা।
বাগেশ্বর বাবার এমন বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ মথুরা-বৃন্দাবন। প্রবল নিন্দা শুরু হয়। মথুরার হিন্দু সন্ন্যাসীদের বক্তব্য, “কোনও দেবতাকে নিয়ে জনসমক্ষে কোনও বক্তব্য রাখতে গেলে অনেক সাবধানী হতে হয়। কারণ, আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণকে নিয়ে অন্য আবেগ রয়েছে। তাঁদের কারও কারও কাছে বালক কৃষ্ণ ঘরের সন্তানের মতো। কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতোই তাঁর বহুবিধ রূপ। বংশীধারীকে নিয়ে এমন মন্তব্যে সেই রূপকেই অপমান করা হয়েছে।” শেষ পর্যন্ত চাপে পড়ে ক্ষমা চেয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। প্রসঙ্গত, এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোয় আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন বাগেশ্বর বাবা।
নতুন গতি 










